লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে রামগতি উপজেলা ফায়ার সার্ভিস ও কমলনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারাও আগুন নেভানোর চেষ্টা করেন।
ক্ষতিগ্রস্ত জাল-বটের দোকানের ব্যবসায়ী যুবরাজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা ডাক্তার খুরশেদ ও সুদেবের মুদি দোকানে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে পৌরসভার পানি সরবরাহের লাইন বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে খুরশেদের দন্ত চিকিৎসালয়, সুদেবের মুদি দোকান, যুবরাজের জাল-বটের দোকান, কামালের হোটেল, আবরনের হোমিওপ্যাথিক দোকানসহ মোট ১০টি দোকান পুড়ে যায়।
ব্যবসায়ী লিটু দাশ বলেন, আগুনে ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় দুই থেকে আড়াই কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
রামগতি উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা আবুল খায়েরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।