রামগতি-হাতিয়া সীমান্তে ইব্রাহিম বাহিনীর গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
ইব্রাহিম বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বয়ারচর টাংকির ঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
ইব্রাহিম বাহিনীর সদস্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বয়ারচর টাংকির ঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর হাতিয়া উপজেলার সীমান্তবর্তী কয়েকটি ইউনিয়নে ইব্রাহিম ডাকাত বাহিনীর কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছেন প্রায় লক্ষাধিক বাসিন্দা—এমন অভিযোগ তুলে বাহিনীর প্রধান ইব্রাহিম ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

রোববার (২ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের সীমান্তবর্তী বয়ারচর টাংকির ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেন।

অভিযুক্ত মো. ইব্রাহিম নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ঢালচর গ্রামের নুরনবী মাঝির ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া লোকজন অভিযোগ করেন, ইব্রাহিমের নেতৃত্বে সোহেল, আলাউদ্দিন, আমজাদ ও আলতাফসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী ঢালচর, চরগাজী, হরনী ও সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, গরু-মহিষ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো কর্মকাণ্ড চালিয়ে আসছে।

তাদের অভিযোগ, এসব ঘটনায় চরাঞ্চলের প্রায় লক্ষাধিক সাধারণ মানুষ চরম ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় রয়েছেন। ডাকাত দলের কর্মকাণ্ডের প্রতিবাদ করলে স্থানীয় ব্যবসায়ী ফখরুলসহ প্রতিবাদী ব্যক্তিদের ভয়ভীতি দেখানো এবং বিভিন্ন মামলায় হয়রানি করা হচ্ছে বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।

বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় বয়ারচর এলাকায় একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিও জানান স্থানীয়রা। একই সঙ্গে ইব্রাহিম বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা ও বিচার নিশ্চিত করার দাবি জানান ক্ষতিগ্রস্তরা।

মানববন্ধনে বক্তব্য দেন চর আব্দুল্লাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য সুমন, সদস্য মহিউদ্দিন এবং ভুক্তভোগী ব্যবসায়ী ফখরউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পর্কিত