লক্ষ্মীপুরের রামগতিতে ভূমি সংক্রান্ত মৌলিক জ্ঞান, সেবা সংক্রান্ত তথ্য, বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।
সভায় রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়েরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, বর্তমানে বিভিন্ন প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান খোলাসহ ভূমি সংক্রান্ত নাগরিক সেবাগুলো সহজ করা হয়েছে। এসব সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ডিজিটাল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
তিনি জানান, রামগতিতে মোট ৩৪টি ভূমি মৌজা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৯টি মৌজা সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং আরও ৫টি মৌজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮টি মৌজায় ইতোমধ্যে আরএস জরিপ সম্পন্ন হয়েছে। বাকি মৌজাগুলো এখনো জরিপের আওতায় আসেনি।
সভায় স্থানীয় ভূমি পরিমাপক শহিদুল ইসলাম খোকন বলেন, বিভিন্ন মৌজা ও এর কেন্দ্রীয় সীমানায় সীমানা পিলার না থাকায় সঠিকভাবে ভূমি পরিমাপ করা সম্ভব হচ্ছে না। ব্রিটিশ আমলে স্থাপন করা সীমানা পিলারগুলো বর্তমানে নষ্ট বা চুরি হয়ে গেছে। তাই সীমানা পিলারগুলো পুনঃস্থাপন করা জরুরি।
এ সময় বিভিন্ন অনিয়ম ও দখলের অভিযোগ তুলে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, প্রধান শিক্ষক আবদুল জাহেরসহ কয়েকজন ভূমিমালিক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি।
প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান তাঁদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
পরে ভূমি সংক্রান্ত প্রশ্নোত্তর কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।