বহিষ্কারে কি এমপি পদ হারাবেন গাজী নজরুল?

স্টাফ রিপোর্টার
 ছবি: সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম
ছবি: সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ঘটনায় তার সংসদ সদস্য (এমপি) পদ বহাল থাকবে কি না—এ প্রশ্নে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনজ্ঞদের মতে, কেবল দল থেকে বহিষ্কার হলেই কোনো সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না; বিষয়টি সংবিধান, নির্বাচন কমিশন (ইসি), স্পিকার এবং প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়ার ওপর নির্ভর করে।

বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার সদস্যপদ শূন্য হতে পারে। তবে দল থেকে বহিষ্কারকে সদস্যপদ বাতিলের কারণ হিসেবে সংবিধানে উল্লেখ করা হয়নি।

আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো রাজনৈতিক দল যদি কাউকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করে এবং সংসদ সদস্য পদ বাতিলের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় স্পিকারের কাছে বিষয়টি উপস্থাপন করে, তাহলে সাংবিধানিক ও আইনি ব্যাখ্যার ভিত্তিতে সিদ্ধান্ত হতে পারে। তবে প্রতিটি ঘটনার সিদ্ধান্ত সংশ্লিষ্ট পরিস্থিতি ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।

এর আগে নবম জাতীয় সংসদে জাতীয় পার্টির সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হলেও স্পিকারের কাছে প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তিনি সংসদ সদস্য পদে বহাল ছিলেন। অন্যদিকে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের পর প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে তার সংসদ সদস্য পদ শূন্য হওয়ার নজির রয়েছে।

এদিকে, গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও আলোচনার বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানান।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি স্পিকারকে অবহিত করবে। তিনি বলেন, দল কাউকে বহিষ্কার করতে পারে, কিন্তু সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করার ক্ষমতা দলের নেই।

অন্যদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সাতক্ষীরা-৪ আসন নিয়ে জামায়াতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি। তাই এ বিষয়ে মন্তব্য করার সুযোগ নেই।

আইনজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে গাজী নজরুল ইসলাম দল থেকে বহিষ্কৃত হলেও তার সংসদ সদস্য পদ বহাল থাকতে পারে। তবে পরবর্তী সময়ে স্পিকারের সিদ্ধান্ত, নির্বাচন কমিশনের কার্যক্রম কিংবা আদালতের ব্যাখ্যার ভিত্তিতে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে।

সম্পর্কিত