সরকারদলীয়দের সংবিধান নিয়ে আরও পড়াশোনার পরামর্শ শিশির মনিরের

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, সরকার দলীয় নেতাদের সংবিধান, সাংবিধানিক আইন ও রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে আরও বেশি অধ্যয়ন করা প্রয়োজন।

রোববার (১০ মে) বিকেলে নগরের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের হল রুমে আয়োজিত “গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

শিশির মনির বলেন, “আমার মনে হয় সরকার দলীয় বন্ধুদের সংবিধান ও সাংবিধানিক আইন নিয়ে খুব বেশি গভীর জ্ঞান নেই। আল্লাহ যেন তাদের পড়াশোনার তৌফিক দেন।”

তিনি আরও বলেন, ৫ আগস্ট থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঘটে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির সমাধান কীভাবে হবে, সে বিষয়ে সবাইকে সুস্পষ্ট পথ দেখাতে হবে। তাঁর ভাষায়, “আমরা যে পথ দেখিয়েছি তার বাইরে যদি আরও গ্রহণযোগ্য সমাধান থাকে, সেটি গ্রহণে আমাদের কোনো আপত্তি নেই।”

তিনি কিছুটা কঠোর ভাষায় বলেন, বিকল্প সমাধান থাকলে তা উপস্থাপন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাস্তব ভিত্তিক ও কার্যকর সমাধান দেখাতে হবে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, শাহজাহান চৌধুরী এমপি, অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও আইনজীবী নেতৃবৃন্দ।

সম্পর্কিত