জামায়াত নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার
জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাতে শফিকুর রহমান ও সুইস রাষ্ট্রদূত ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাতে শফিকুর রহমান ও সুইস রাষ্ট্রদূত ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলি।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই বাংলাদেশে সুইস বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মত দেন।

আলোচনায় রাষ্ট্রদূত গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতি এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ভূমিকার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে তার ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রীন এনার্জি, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের আরও সম্পৃক্ততা কামনা করেন।

এ সময় জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। সুইস দূতাবাসের পক্ষ থেকেও কয়েকজন কর্মকর্তা বৈঠকে অংশ নেন।

সম্পর্কিত