জাপানের শৃঙ্খলা ও প্রযুক্তিগত উন্নয়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৩ মে) জাপানের সাইতামা প্রিফেকচারের কশিগায়া শহরের গামো হলে ‘ইসলামিক মিশন জাপান’ আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবির-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জাপান এমন একটি দেশ যেখানে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও সময়নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রযুক্তিগত উন্নয়ন ও কর্মসংস্কৃতির ক্ষেত্রে জাপান বিশ্বে অনন্য উদাহরণ। এ দেশ থেকে অনেক কিছু শেখার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। স্বাধীনতার পর থেকেই দেশটি বাংলাদেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রবাসীরা আধুনিক প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জন করে দেশে প্রয়োগ করলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, সততা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।
সাম্প্রতিক ছাত্র-গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ পরিবর্তনকে টেকসই করতে দেশের পাশাপাশি প্রবাসীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।