জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,
জুলাই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই; বরং এই আন্দোলনের প্রকৃত মাস্টারমাইন্ড দেশের ১৮ কোটি জনগণ।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট আলোচনার ১৭তম কার্যদিবসে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই আন্দোলনকে ঘিরে বিভিন্ন সময়ে নানা ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, যেখানে একক নেতৃত্ব বা মাস্টারমাইন্ডের কথা বলা হয়েছে। তবে তিনি এই ধারণার সঙ্গে একমত নন।
এর আগে সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত তার বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, বিরোধী দলীয় নেতা একসময় আন্দোলনের প্রধান নায়ক হিসেবে তারেক রহমানের কথা বলেছিলেন।
এর জবাবে ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন, তিনি যে বক্তব্যের কথা বলা হচ্ছে তা ২০২৪ সালের এপ্রিল মাসের। পরে পরিস্থিতি পরিবর্তন হয়েছে ২০২৪ সালের আগস্টে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে যাদের ভূমিকা রয়েছে, তাদের তিনি সম্মান করেন। তাদের মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, এমনকি ড. ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়ে একজনকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছিলেন। তবে তিনি তখনই এর প্রতিবাদ করেন এবং বলেন, এই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই।
তার মতে, এই আন্দোলনের প্রকৃত শক্তি দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ সমাজ।