জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ যেন কোনোভাবেই ব্যক্তিগত চরিত্র হননের কেন্দ্র না হয়ে ওঠে; বরং এটি জনকল্যাণ ও দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে গঠনমূলক আলোচনার স্থান হওয়া উচিত। তিনি বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে শপথ গ্রহণ এবং শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন,
‘২৪ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আজকের সংসদ গঠিত হয়েছে। তাই সরকারবিরোধী ভেদাভেদ নয়, স্পিকারের কাছে আমরা সবার জন্য সুবিচার প্রত্যাশা করি।’ তিনি দেশের বিভিন্ন আন্দোলন ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বিশেষ করে ১৯৫২, ১৯৭১, ১৯৯০-এর গণআন্দোলন, শাপলা চত্বর ও ২৪ জুলাইয়ের শহীদদের স্মরণ করেন।
বিরোধীদলীয় নেতা বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে দলীয় পরিচয় ছাড়িয়ে সংসদকে নিরপেক্ষভাবে পরিচালনা করার আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই সংসদ যেন কারও চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়, বরং জনকল্যাণমূলক বিষয়ে আলোচনার জন্য কার্যকরী ও গতিশীল হোক।’
ডা. শফিকুর রহমান তরুণ সংসদ সদস্যদেরও উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, তারা গঠনমূলক রাজনীতি ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে দেশের কল্যাণে ভূমিকা রাখবেন। তিনি আবারও ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানটি তুলে ধরে দাবি জানান, সংসদের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অন্যায়-অসঙ্গতির অবসান ঘটানো হবে।