চাঁদাবাজি বন্ধে সম্মিলিত প্রতিরোধের আহ্বান শফিকুর রহমানের

স্টাফ রিপোর্টার
 ছবি: জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
ছবি: জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রাজধানীর মিরপুর-১ শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনকালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি কোনো বাইরের শক্তি নয়, বরং দেশের ভেতরের লোকজনই এর সঙ্গে জড়িত।

মঙ্গলবার বাজার পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের অভিযোগ শোনার পর তিনি বলেন,

“এখানে তো আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না। এখানে আমাদের সঙ্গেই থাকা, ওঠাবসা করা লোকেরাই চাঁদাবাজি করে। তাদের পরিচয় আমরা সবাই জানি।”

তিনি আরও বলেন, সংসদ সদস্যরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলে দেশে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। তার ভাষায়, “আমরা চাই চাঁদাবাজি বন্ধ হোক। সবাই মিলে সিদ্ধান্ত নিলে কেউ আর সাহস পাবে না।”

ব্যবসায়ীদের অভিযোগের পর তিনি সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, চাঁদাবাজি মোকাবিলায় ব্যবসায়ীদের পাশে থাকতে তারা প্রস্তুত।

বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে ব্যবসা-বাণিজ্যে অস্থিরতা বিরাজ করছে এবং নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তিনি বাজার ব্যবস্থাপনা ও ভাড়া সংক্রান্ত অনিয়ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানসহ জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতারা।

সম্পর্কিত