চীন সফরে ঋণের আশ্বাস পেয়েছে কি বাংলাদেশ, প্রশ্ন রুমিন ফারহানার

স্টাফ রিপোর্টার
 ছবি: রুমিন ফারহানা
ছবি: রুমিন ফারহানা

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশ কোনো ঋণের আশ্বাস পেয়েছে কি না এবং নতুন কোনো বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে কি না, সে বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

সোমবার (২৯ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থবিলের সংশোধনীর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রশ্ন তোলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

রুমিন ফারহানা বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে বাংলাদেশ কোনো ঋণের আশ্বাস পেয়েছে কি না, পেয়ে থাকলে তার পরিমাণ কত এবং নতুন কোনো বিনিয়োগের প্রতিশ্রুতি এসেছে কি না, সে বিষয়ে সরকারকে স্পষ্ট করা উচিত।

তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তি প্রকাশ করেছিলেন। তিনি উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে?’ তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ ধরনের প্রশ্নের স্পষ্ট উত্তর প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, প্রতিবছর বাজেট ঘোষণার সময় সরকার নানা আশার কথা শোনালেও বছরজুড়ে সেই প্রত্যাশা পূরণ হয় না। এতে সাধারণ মানুষকে এর নেতিবাচক প্রভাব বহন করতে হয়।

তিনি জানান, প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা এবং আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। তবে প্রতি বছর রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় প্রকৃত ঘাটতি আরও বেড়ে যায় এবং দেশকে দেশি-বিদেশি ঋণ ও বিনিয়োগের ওপর নির্ভর করতে হয়।

তিনি আরও বলেন, গত চার বছর ধরে দেশ উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, রাজস্ব আহরণে ঘাটতি, খেলাপি ঋণের বৃদ্ধি, ব্যাংকিং খাতে তারল্য সংকট এবং জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতাসহ বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে বলে উল্লেখ করেন।

সম্পর্কিত