ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে জানিয়েছেন—ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কোনো ধর্মাবলম্বীকে ব্যবহার করে বা কোনো ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা সাম্প্রদায়িকতা এবং এটি ধর্মবিরোধী।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল পূজা উদযাপন পরিষদ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল যদি কাউকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ তাদের চিহ্নিত করবেন। বাংলাদেশে ধর্ম ও বর্ণের ভিত্তিতে কোনো ধরনের চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ধর্মবিশ্বাসকে কোনো গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের চেষ্টা করা হলে সাধারণ মানুষ সেই অপচেষ্টা প্রতিহত করবে। রাজনৈতিক নেতাদের সব বক্তব্য জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। জনগণ যতদিন কোনো দল বা প্রতীকের কর্মকাণ্ডকে নিজেদের জন্য কল্যাণকর মনে করবে, ততদিন সেটি গ্রহণযোগ্য থাকবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের বিশেষ পর্বে বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সনাতন ধর্মাবলম্বী শ্রী রাখাল চন্দ্র দে ও বিজয়কৃষ্ণ দে-কে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।

সম্পর্কিত