ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি মেনে নেবে না জনগণ: শফিকুর

স্টাফ রিপোর্টার
 ছবি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
ছবি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের চেষ্টা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৩ জুন) রাতে রাজধানীর মিরপুরে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। ইসলামী ব্যাংক রক্ষায় বিরোধীদলের নেতাকর্মীরা মাঠে নামতে প্রস্তুত রয়েছে। ব্যাংকটিকে ঘিরে কোনো ধরনের টানাটানির সুযোগ কাউকে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংক থেকে ৩৪ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এখন আবারও ফ্যাসিবাদী কায়দায় ব্যাংক খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি হলে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সমালোচনা করেন।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ এভাবে চলতে পারে না। একদল পাশের দেশে পালিয়ে গেছে, আরেক দল কোথায় যাবে— এমন প্রশ্নও তোলেন তিনি।

বিরোধীদলের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে জামায়াতে ইসলামী একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। দলটি কখনোই গৃহপালিত বিরোধীদলের ভূমিকা পালন করবে না।

চাঁদাবাজি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজদের কোনো দল নেই। তারা বসন্তের কোকিলের মতো। দেশের ৩০০ সংসদ সদস্য যদি আন্তরিকভাবে সিদ্ধান্ত নেন, তাহলে চাঁদাবাজি দূর করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট যদি কৃত্রিমভাবে সৃষ্টি হয়ে থাকে, তাহলে দ্রুত সমাধান করতে হবে। আর যদি তা প্রাকৃতিক বা বৈশ্বিক কারণে হয়ে থাকে, তাহলে কার্যকর বিকল্প ব্যবস্থা নিতে হবে। সরকারি দল ও বিরোধীদল একসঙ্গে কাজ করলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানি খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, দেশে গ্যাসের মজুত কমে যাচ্ছে, কিন্তু নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, গ্যাসের দাম কয়েকশ টাকা বাড়িয়ে পরে সামান্য কমানো জনগণের সঙ্গে তামাশার শামিল।

কাফরুল পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি এস এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন এবং অধ্যাপক আনোয়ারুল করিম।

সম্পর্কিত