ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান। তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য করা হয়েছে এবং দাপ্তরিক প্রক্রিয়া শেষে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৪টা ১৯ মিনিটের পর তিনি মনোনয়ন জমা দিলে তা গ্রহণ না করার সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তা। এতে তিনি আদালতের দ্বারস্থ হন।
পরে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর পুনরায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো।