সংস্কার না হলে বিএনপি সরকারের পতনের হুঁশিয়ারি এনসিপির

স্টাফ রিপোর্টার
 ছবি: নাসীরুদ্দীন পাটওয়ারী।
ছবি: নাসীরুদ্দীন পাটওয়ারী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে। তিনি দাবি করেন, ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে আওয়ামী লীগের নেতাদের বিচার সম্পন্ন করে দেশের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার বিচার এখনো সম্পন্ন হয়নি। আওয়ামী লীগের যেসব নেতা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, সংস্কার ও বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কেউ যেন ক্ষমতার অপব্যবহার বা অতিরিক্ত প্রভাব প্রদর্শনের চেষ্টা না করেন। এনসিপি একটি সভ্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, তবে প্রয়োজনে রাজনৈতিকভাবে জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন ছিল। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে অনেক ক্ষেত্রেই তা বাস্তবায়িত হয় না।

ভারত প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সব ধর্মের মানুষ অতীতে যেমন ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতেও তেমনি থাকবে। তিনি বলেন, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ক্ষুণ্ন করা সম্ভব হবে না।

এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যান্য নেতারা।

সম্পর্কিত