ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছাত্রদলের দায়ের করা মামলায় রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
জানা গেছে, রোববার সন্ধ্যায় ছাত্রদলের দায়ের করা মামলার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন এনসিপি নেতা তারেক রেজা। মিলনায়তনের সামনে পৌঁছানোর পর পুলিশ তাকে আটক করে।
গত ২২ মে ঝিনাইদহ সফরে যান এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ডিম নিক্ষেপ, হাতাহাতি এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার পর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন।
পরদিন শনিবার (২৩ মে) ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।
ওই মামলায় রোববার সন্ধ্যায় পুলিশ তারেক রেজাকে গ্রেপ্তার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।