বর্তমান সরকারের ভেতরে ‘এস আলম’ ও ‘সালমান এফ রহমান’-এর মতো প্রভাবশালী অর্থনৈতিক গোষ্ঠী তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের নতুন ‘এস আলম’, ‘বেক্সিমকো’ বা ‘সালমান এফ রহমান’ কে হতে যাচ্ছেন, তা শিগগিরই স্পষ্ট হয়ে উঠবে।
বৃহস্পতিবার (২১ মে) রাতে ‘বৈশ্বিক অনিশ্চয়তায় বাংলাদেশের বাজেট: কর্মসংস্থান, বিনিয়োগ ও সংস্কারে অগ্রাধিকার এবং জনপ্রত্যাশার বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এনসিপির ছায়া বাজেট কমিটি এই আলোচনার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে দেশের ব্যাংকিং খাতে নজিরবিহীন দুর্নীতি ও অর্থ লুটপাট হয়েছে। কিছু ব্যক্তি, পরিবার ও গোষ্ঠীকে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়েছে এবং সেই অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, আগের সেই সংস্কৃতি আর ফিরবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকার ঘিরেও নতুন করে প্রভাবশালী অর্থনৈতিক গোষ্ঠী তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে।
বিদেশি বিনিয়োগের আগে দেশীয় ব্যবসায়ীদের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশের ব্যবসায়ীরা যদি বিনিয়োগে আস্থা না পান, তাহলে বিদেশি বিনিয়োগও প্রত্যাশিতভাবে আসবে না।
তিনি আরও বলেন, আগে বলা হয়েছিল নির্বাচিত সরকার ক্ষমতায় এলে বিদেশি বিনিয়োগ বাড়বে। তবে বর্তমান পরিস্থিতিতে সে ধরনের অগ্রগতি দৃশ্যমান নয় বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষুদ্র উদ্যোক্তা ও সৎ ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক প্রভাবের মাধ্যমে বড় করপোরেট গোষ্ঠীগুলো ঋণ সুবিধা পেয়ে যায়, অথচ ক্ষুদ্র উদ্যোক্তারা নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন।
সরকারকে অর্থনৈতিক সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট কোনো একক সরকারের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। সবার অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব।