নির্বাচন সুষ্ঠু হবে কিনা, জনমনে সংশয়: মজিবুর রহমান মঞ্জু

ফেনী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি:
ফেনী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা—এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষ নির্বাচন নিয়ে আশঙ্কায় রয়েছে। কারণ প্রশাসন এখনো স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। প্রশাসনের ভেতরে শৃঙ্খলা পুরোপুরি ফিরে আসেনি।

তিনি আরও বলেন, প্রশাসন স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। ফেনীর নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং প্রশাসন কোনো নির্দিষ্ট পক্ষের দিকে হেলে না পড়ে—সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ক্ষমতার লড়াই গণতন্ত্রের একটি স্বাভাবিক রূপ। আমরা এমন একটি দেশ চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। নীতিনির্ধারণী বিষয় নিয়ে বিতর্ক হবে, তবে দেশ থাকবে সবার আগে।

রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের মঙ্গল নিয়ে কাজ করতে গেলেই কাউকে ভারতের দালাল, কাউকে পাকিস্তানের দালাল বলা হয়—এই অপবাদমূলক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা বাড়াতে হবে এবং পুরোনো বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে।

তিনি বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী শাসনের নিপীড়নের শিকার হয়েছে। অথচ এখন একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশ নিয়ে বৃহত্তর ঐক্যের প্রয়োজন থাকলেও এখনো আমরা সেই ঐক্যে পৌঁছাতে পারিনি—এটি দেশের জন্য শুভ লক্ষণ নয়।

অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক মীর হোসেন মিরুর সভাপতিত্বে এবং দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লা আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল ও জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।a

সম্পর্কিত