গুমের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের হুঁশিয়ারি: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
 ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দ্রুত গুমের বিচার নিশ্চিত করা হবে এবং একে একে সবাই আইনের আওতায় আসবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুমের শিকার পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’ এ সভার আয়োজন করে।

গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না এবং এর প্রকাশ্য বিচার হওয়া উচিত।

তিনি আরও বলেন, গুমের শিকার পরিবারের ক্ষতি কখনো পূরণ করা সম্ভব নয়, তবে রাষ্ট্রের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা।

সভায় তিনি গুমের সঙ্গে জড়িত হিসেবে সাবেক একজন সামরিক কর্মকর্তা এবং সাবেক পুলিশের একজন শীর্ষ কর্মকর্তার প্রসঙ্গ টেনে কঠোর মন্তব্য করেন এবং বলেন, তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

গুমের শিকার পরিবারের সন্তানদের সহায়তার বিষয়েও কথা বলেন তিনি। তিনি জানান, আগামী বাজেটে এসব পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর প্রস্তাব দেওয়া হবে।

সম্পর্কিত