প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
 ছবি: সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রথম সরকারি বিদেশ সফরকে সফল উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে চীন ও মালয়েশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সফরের ওপর একটি ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সফরকালে দুই দেশের সঙ্গে একাধিক চুক্তি ও সমঝোতা হয়েছে, যা ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, দীর্ঘদিন পর নতুন সরকারের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত সফল হয়েছে এবং তিনি বিদেশ সফরের আগে বা পরে কোনো ধরনের সংবর্ধনা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালু করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সেখানে কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ সুরক্ষায় এ সফর ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি জানান, বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বড় অবকাঠামো উন্নয়ন, নতুন বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারে ১৭টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ ছাড়া রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আঞ্চলিক সমস্যা সমাধানে চীন ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকারমন্ত্রী।

সম্পর্কিত