‘খেলা শেষ, খোদা হাফেজ!’—মাহফুজ আলম

স্টাফ রিপোর্টার
 ছবি: মাহফুজ আলম
ছবি: মাহফুজ আলম

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উগ্র ডানপন্থী বা ‘ফার-রাইট’ গোষ্ঠীর তৎপরতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আলোচিত মন্তব্য করেছেন।

সোমবার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তীব্র সমালোচনা করেন।

পোস্টে মাহফুজ আলম লেখেন, রাইট-উইং রাজনৈতিক বলয় নির্বাচনী স্বার্থে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোকে ব্যবহার করেছে। তার দাবি, মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মতো ঘটনায় এসব গোষ্ঠীকে ‘মার্সেনারি’ হিসেবে ব্যবহার করা হয়েছে। নির্বাচনী লক্ষ্য পূরণের পর এখন তাদের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও লেখেন, গত দুই বছরে কীভাবে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলো গড়ে উঠেছে এবং কীভাবে তারা অনলাইন ও অফলাইনে মব-নৈরাজ্যের মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করেছে, সে বিষয়ে এখন আলোচনা হওয়া প্রয়োজন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের ফলে জুলাইয়ের আন্দোলন সম্পর্কে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মধ্যবিত্ত সমাজের একটি অংশের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়েছে।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, তিনি গত বছরের শুরু থেকেই উগ্র ডানপন্থী গোষ্ঠী ও ডিজিটাল মবের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। এ কারণে তাকে নানা ধরনের ষড়যন্ত্র ও চাপের মুখে পড়তে হয়েছে বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষদিকে মাহফুজ আলম লেখেন, “সামনের দিনগুলো সবার জন্য Reckoning-এর।” তবে তিনি তার পোস্টে কোনো ব্যক্তি, দল বা সংগঠনের নাম উল্লেখ করেননি।

সম্পর্কিত