ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে ভোট চাওয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে শোকজ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রায়পুর সিভিল জজ আদালতের বিচারক বিল্লাল হোসেনের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, প্রার্থী শাহাদাত হোসেন সেলিম একটি সমাবেশে প্রকাশ্যে নিজের পক্ষে ভোট চেয়েছেন এবং ওই বক্তব্যের একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন। একজন প্রার্থী হিসেবে এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫-এর বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে আরও বলা হয়, উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করতে হবে।
জানা গেছে, গত ১৭ জানুয়ারি একটি সমাবেশে ভোট চাওয়ার ২৭ সেকেন্ডের একটি ভিডিও শাহাদাত হোসেন সেলিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমাকে একটা ভোট দিবেন? দেবেন আমাকে একটা ভোট। আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাই। আমি আপনাদের বোনের ছেলে, আমি আপনাদের ভাইয়ের ছেলে। আমার অধিকার আছে, আমার দাবি আছে। আমি এই দাবি নিয়ে দীর্ঘদিন যাবত রাজনীতি করছি। আমি আপনাদের সেবা করতে চাই। আপনাদের সেবা করতে করতে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই।”
লক্ষ্মীপুর-১ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য বিচারক বিল্লাল হোসেন শোকজপত্রে উল্লেখ করেন, প্রার্থী শাহাদাত হোসেন সেলিম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পক্ষে ভোট চেয়ে ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওটি যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এদিকে শোকজের নোটিশ দ্রুত পৌঁছে দেওয়ার জন্য রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।