জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত

জুলাই সনদ প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় এবং অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে অতীতের ফ্যাসিবাদী শক্তি কোনো সুযোগ নিয়ে আবারও বিভেদ সৃষ্টি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, সেই স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে সব দল, মত ও শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পঞ্চগড়ের পাঁচজন কৃতী সন্তান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে জীবন দিয়েছেন। তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এর আগে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবার, স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পরে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

সম্পর্কিত