বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে যাত্রা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার রাজধানীর কাকরাইলে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ ইস্যুতে শহীদ পরিবারের সদস্য ও যোদ্ধাদের নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন,
“জুলাই শহীদরা কোনো দলের নয়, তারা জাতির সম্পদ।” তিনি আরও বলেন, ক্ষমতা মানুষের চিন্তাভাবনা ও নৈতিক অবস্থান বদলে দেয় এবং অনেক সময় অতীত ভুলিয়ে দেয়।
তিনি দাবি করেন, সংসদের ভেতরে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা সরকার দলীয় একজন প্রতিমন্ত্রী স্বীকার করেছেন, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন,
“গণভোটকে ফেলে দেওয়া জাতিকে অপমান করার সামিল। গায়ের জোরে বিএনপি গণভোট ফেলে দিয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংসদে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একদলীয় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তার ভাষায়, বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসকসহ বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী কায়দায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে।