ইসলামী ব্যাংক ইসলাম নয়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ইসলামী ব্যাংক বা কোনো রাজনৈতিক দলকে ইসলামের সঙ্গে একাকার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়। সব কিছুতে এভাবে ইসলামের দোহাই দেওয়া ঠিক নয়।’

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ইসলামী ব্যাংকসংক্রান্ত বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের আনা ৬৮ বিধির নোটিশের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এর আগে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ও শীর্ষ ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনের সমালোচনা করেন।

তিনি অভিযোগ করেন, এস আলম গ্রুপের লুটপাটের পর ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু নতুন করে বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। এ নিয়ে কারও আপত্তি থাকলে আইনগত প্রক্রিয়ায় তা মোকাবিলা করতে হবে।

সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, ইসলামী ব্যাংককে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। গ্রাহক পরিচয়ে আন্দোলন সংগঠনের চেষ্টাও চলছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিরোধী দল তাদের রাজনৈতিক ভূমিকা পালন করবে, সেটি স্বাভাবিক। তবে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়।

ইসলামী ব্যাংকের শেয়ার ও মালিকানা কাঠামো নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেয়ার কেনাবেচা, মালিকানা পরিবর্তন কিংবা অনিয়মের অভিযোগ তদন্তের বিষয়। প্রয়োজন হলে দুর্নীতি দমন কমিশন এসব অভিযোগ খতিয়ে দেখতে পারে।

তিনি ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডিং কাঠামো সম্পর্কিত প্রকৃত তথ্য ও পরিসংখ্যান জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান এবং এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি বিস্তারিত তথ্য প্রকাশের অনুরোধ করেন।

ধর্মকে রাজনৈতিক বিতর্কে ব্যবহার না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ব্যাংক, ব্যক্তি বা রাজনৈতিক দলকে ইসলামের প্রতিনিধিত্বকারী হিসেবে উপস্থাপন করা উচিত নয়। ইসলামের প্রশ্নকে রাজনৈতিক বিতর্কের সঙ্গে মিশিয়ে ফেলা ঠিক হবে না।

সংসদকে আশ্বস্ত করে তিনি বলেন, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা করা হবে এবং শেয়ার হস্তান্তরসংক্রান্ত বিষয়গুলো আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে অতীতে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ ফেরত না দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও তদন্ত করা হবে।

সম্পর্কিত