মাদারীপুরে হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা

স্টাফ রিপোর্টার
 ছবি: হেলেন জেরিন খান
ছবি: হেলেন জেরিন খান

মাদারীপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড় এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলেন জেরিন খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবীর, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, জামিনুর হোসেন মিঠুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, তিনি মাদারীপুরের মাটি ও মানুষের জন্য কাজ করতে চান। তিনি জেলার উন্নয়নে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলেও জানান। পাশাপাশি মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এর আগে শিবচর ও রাজৈর উপজেলাতেও তাকে গণসংবর্ধনা দেওয়া হয়, যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।

সম্পর্কিত