জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিশ্বের বড় রাজনৈতিক দল বলে পরিচিত একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন ধরনের শক্তি ও সহায়তা নিয়েও দলটি তাদের পতন ঠেকাতে পারেনি।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির আয়োজিত পথযাত্রা ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক দল বলে দাবি করা একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে। তিনি আরও বলেন, ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি কিংবা অর্থ—কোনো কিছুই তাদের পতন রোধ করতে পারেনি।
বক্তব্যে তিনি শিক্ষামন্ত্রীরও সমালোচনা করেন। তার অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের বদলি করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, দলীয় ঐক্য বজায় রেখে জনগণের পাশে থাকতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদ মিতু এমপি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।