বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে দেশের মানুষের জাতীয় প্রত্যয় ও আত্মবিশ্বাস এখন জাতীয় হতাশায় পরিণত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনের আগে ফলাফল চুরি করত, আর বর্তমান সরকার নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল চুরি করেছে। তিনি দাবি করেন, এটি দিনের আলোয় সংঘটিত একটি ডাকাতির মতো ঘটনা এবং সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচনের স্বার্থে সরকার গণভোটের বিষয়টি মেনে নিলেও এখন তা থেকে সরে এসেছে। বর্তমানে গণভোট সংবিধানে নেই বলে সরকার যে অবস্থান নিয়েছে, তার সমালোচনাও করেন তিনি।
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য শক্তিশালী উপকূল ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ছিল। একই সঙ্গে সরকারি দপ্তরগুলো ঘুষ ও দুর্নীতিমুক্ত হবে বলেও আশা করা হয়েছিল। কিন্তু এসব প্রত্যাশার বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির চিতলমারী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহাসান জুনায়েদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি এবং ছাত্র শক্তির আহ্বায়ক জাহিদ হাসানসহ অন্যান্য নেতারা।