জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, শেখ হাসিনা যেখানেই যান, সেখানকার পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। তিনি দাবি করেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আসতে হতে পারে।
বুধবার (২২ জুলাই) রাত ১০টায় মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের পর মোংলায় গুমের ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। এ ঘটনা বিএনপি সরকারের জন্য একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে কমিশন গঠনের সুপারিশ করেছিল। বিএনপি সরকার এ বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে গুম কমিশনের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এনসিপির এই নেতা আরও বলেন, দেশে এখনো শেখ হাসিনার আমলের কাঠামো বিদ্যমান রয়েছে। তার দাবি, বিএনপি সরকার সেই কাঠামো ধরে রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, বর্তমানে তাদের দুটি প্রধান আকাঙ্ক্ষা রয়েছে। এর একটি হলো আন্দোলনে নিহতদের মৃত্যুর বিচার এবং অন্যটি হলো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা।
পদযাত্রা অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, স্থানীয় নেতা মৃধা মাজেদুল ইসলাম, আবু হাসান, মো. জুবায়ের, জাহিদ হাসান ও মো. সোহেল।