দেশের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, মাদক, চাঁদাবাজি ও ব্যবসায়িক সিন্ডিকেটের প্রভাবমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। তার দাবি, মাদকসম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কার্যকর পদক্ষেপ নেন না। আবার বাজারে নিত্যপণ্যের দাম বাড়লেও অনেকেই নীরব থাকেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে ব্যবসায়িক সিন্ডিকেটের কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়। পরে একই সিন্ডিকেট দ্রব্যমূল্য বাড়ালেও তাদের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া হয় না।
তিনি আরও বলেন, সংসদে বক্তব্য দিতে চাইলে স্পিকার তাদের বলেন এটি শাহবাগ স্কয়ার নয়, সংসদ। তবে সংসদে কথা বলার সুযোগ না দিলে তারা সংসদের বাইরেও জনগণের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরবেন বলে মন্তব্য করেন।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ।