জাতীয় সংসদে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কক্সবাজার-টেকনাফ সীমান্ত দিয়ে দেশে সবচেয়ে বেশি মাদক প্রবেশ করে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের প্রয়োজন রয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মাদক প্রবেশের প্রধান রুট হিসেবে পরিচিত কক্সবাজার-টেকনাফ এলাকায় কঠোর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ওই অঞ্চলে মাদক চোরাচালান বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি বলেন, শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইন বাস্তবায়নের জন্য প্রয়োজন সদিচ্ছা, সাহস এবং কার্যকর উদ্যোগ। বর্তমানে দেশে মাদকাসক্তি একটি বড় সামাজিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নিজ নির্বাচনী এলাকার একটি মাদকাসক্তি নিরাময় হাসপাতালের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, হাসপাতালটি কার্যত অচল অবস্থায় রয়েছে। সেখানে রোগী, চিকিৎসক কিংবা প্রয়োজনীয় জনবল নেই। ফলে মাদক নিরাময়ে সরকারি উদ্যোগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি আরও বলেন, বিপুল জনসংখ্যার একটি এলাকায় স্বাস্থ্যসেবার এমন অবস্থা উদ্বেগজনক। মাদক প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।