সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে গেছে: গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার
 ছবি: মিয়া গোলাম পরওয়ার
ছবি: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের বিপুল প্রত্যাশা নিয়ে সরকার ও সংসদ গঠিত হলেও প্রথম অধিবেশনেই জনগণ আশাহত হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের ভাষা না বুঝে জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

শনিবার (২৩ মে) বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী রুকন টিসির শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটে জনগণের মতামত উপেক্ষা করে সরকার অপ্রয়োজনীয় রাজনৈতিক সংকট তৈরি করেছে। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেওয়ায় সরকার ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, সরকার গঠনের আগে জনগণের কাছে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে না। সাংবিধানিক কাঠামো এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয় নিয়েও সমালোচনা করেন তিনি।

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলেন, সংবিধান সংশোধন, গণভোট এবং রাজনৈতিক ঐকমত্যের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়েছিল। তবে জনমতের প্রতিফলন যথাযথভাবে হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহিংসতায় বিশ্বাস করে না এবং দলটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। তবে সরকারকে জনমতের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা।

সম্পর্কিত