আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।
সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনের আগে সকাল ১০টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি এখনো বিদ্যমান এবং ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, জুলাই গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি এবং বিচার প্রক্রিয়া ধীরগতিতে চলছে।
তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর দায়িত্ব সরকারের। সরকার যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে ১১ দল দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।
হামিদুর রহমান আযাদের ভাষ্য অনুযায়ী, বিচার প্রক্রিয়ায় শিথিলতার কারণে বিভিন্ন স্থানে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটছে। রাজধানীর সমাবেশ থেকে গুম, খুন ও হামলার বিচার দাবি জানানো হবে।
তিনি নৃশংসতা, সরকারের ব্যর্থতা এবং ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ৪ জুলাইয়ের জেলা পর্যায়ের কর্মসূচিতেও গুম-খুনের বিচার, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দাবি উত্থাপন করা হবে বলে জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, আতাউল্লাহ আমিন, বিল্লাল মিয়াজী, মুসা বিন ইযহার, ইকবাল হোসেন এবং আব্দুল্লাহ আল মামুনসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।