পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর ডাকযোগে (আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার জন্য নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এই ব্যবস্থার আওতায় আনার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।
গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।
এছাড়া তিনি জানান, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে নির্বাচিত সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যক্রম পরিচালনায় পরামর্শ প্রদান করবেন।