ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ইসলামের নাম ব্যবহার করে জনগণকে ধোঁকা দিয়েছে এবং এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে ইসলামী ঐক্য নষ্ট করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার ফাজেলপুরে হরিহরপাড়া স্কুল মাঠে নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজীর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন,
প্রথমে পাঁচ দল এবং পরে আট দল নিয়ে এক বাক্স নীতিতে ইসলামের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। কিন্তু একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্নে বিভোর হয়ে সেই ঐক্য নষ্ট করেছে। তিনি বলেন, ‘পাকা ধানের ভেতর মই দিয়ে ধান নষ্ট করে ফেলেছে তারা।’
ওই দলকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না এবং ইসলামের লেবেল ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করেছে। গোপনে পাশের দেশের সঙ্গে বৈঠক করে তারা বিশ্বাসে আঘাত করেছে বলেও অভিযোগ করেন তিনি।
চরমোনাই পীর বলেন,
যারা আপন ভাইদের সঙ্গে প্রতারণা করে, তাদের মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়ন সম্ভব নয়। ‘ইসলামকে সাইনবোর্ড বানিয়ে তারা জবাই করবে। ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আমরা ব্যবহৃত হতে পারি না,’—এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ইসলামের পক্ষে এখন একমাত্র বাক্স হলো হাতপাখার বাক্স। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জীবনের প্রথম ভোট যেন ইসলামের পক্ষে দেওয়া হয়।
এ সময় তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার একটি সুবর্ণ সুযোগ এসেছে। মা-বোন ও মুরব্বিদের উদ্দেশে তিনি বলেন, একবারের জন্য হলেও হাতপাখায় ভোট দিয়ে দেখার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজী, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাকী, কেন্দ্রীয় সদস্য মুফতি রেজাউল করিম আবরার, মুফতি হাবিবুর রহমান মিসবাহ ও মুফতি শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।