প্রায় দুই মাস পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, এর আগে বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ১৭ মে।
শনিবারের বৈঠকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থায়ী কমিটির সদস্য ও অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বেগম সেলিমা রহমান বৈঠকে অংশ নেন।
বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় করণীয় এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।