জাতীয় সংসদে বিএনপির মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেন, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত একটি দল কীভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের দল হিসেবে দাবি করতে পারে—এটি যৌক্তিক নয়।
বুধবার (২৯ এপ্রিল) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, বিএনপি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়েছে, অথচ মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে ১৯৭১ সালে। তাই বিএনপির এই দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপিতে যেমন মুক্তিযোদ্ধা রয়েছেন, তেমনি জামায়াতে ইসলামীতেও মুক্তিযোদ্ধা আছেন—তবে দল হিসেবে মুক্তিযুদ্ধের দাবির বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করা উচিত।
জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে আজহারুল ইসলাম বলেন, এই আন্দোলন আকস্মিকভাবে হয়নি; বরং এটি একটি বৃহৎ পরিবর্তনের অংশ ছিল। তিনি দাবি করেন, এই আন্দোলনের ধারাবাহিকতায় ঐকমত্য কমিশনের মাধ্যমে সুপারিশ তৈরি হয়েছে এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে, যেখানে জনগণের বড় অংশ সমর্থন দিয়েছে।
জামায়াতে ইসলামীর অতীত প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, গত ১৬ বছরে দলটির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, দলের শীর্ষ নেতাদের অনেকেই কারাবন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন বা ফাঁসির মুখোমুখি হয়েছেন।
তিনি আরও বলেন, জামায়াতের নেতারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি; বরং তারা দেশের মাটিতেই থেকে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। দেশের জনগণই ঠিক করবে কে কত ত্যাগ স্বীকার করেছে—এমন মন্তব্যও করেন তিনি।
তিনি সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, এমন বক্তব্য দেওয়া উচিত নয় যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বা কারো অনুভূতিতে আঘাত হানে।