বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: শামা

স্টাফ রিপোর্টার
 ছবি: শামা ওবায়েদ ইসলাম
ছবি: শামা ওবায়েদ ইসলাম

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে দলের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তার পরিবার ও রাজনৈতিক জীবনে এর কোনো উদাহরণ নেই।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, জন্মের পর থেকেই তিনি দেখে এসেছেন তার বাবা, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য কে এম ওবাইদুর রহমান কখনো বিরোধী দল বা ভিন্নমতের কাউকে জেলে পাঠাননি কিংবা নির্যাতন করেননি। বিএনপি কারও বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাবার মৃত্যুর পরও তিনি জনগণের পাশে থাকার চেষ্টা করেছেন। কতটা পেরেছেন, তা আল্লাহ ভালো জানেন। তার কাছে সব ধর্ম, সব দল ও সব মতের মানুষই নিরাপদ।

নগরকান্দা ও সালথার কোনো মসজিদ বা মাদরাসা নেই, যেখানে তার বাবা দাঁড়াননি উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, আলেম সমাজ সবসময় বিএনপির কাছে নিরাপদ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মাদরাসার দায়িত্বশীলদের জন্য সরকারি ভাতা চালু করা হবে, যা আগে কখনো ছিল না।

সংখ্যালঘু প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, তিনি এই শব্দে বিশ্বাস করেন না। তার মতে, সবাই মানুষ এবং নগরকান্দা ও সালথায় সব ধর্মের মানুষ সমান সুযোগ ও নিরাপত্তা পাবে—এটাই গণতন্ত্র ও বিএনপির আদর্শ।

সালথার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি তার বাবার নাম, বিএনপির নাম এবং ধানের শীষের সম্মান নষ্ট হতে দেবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মা-বোন ও শিশুদের ভবিষ্যতের কথা ভেবে একটি মানবিক, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত সালথা গড়তে ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আটঘর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রবিউল মাতুব্বরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নাসির মাতুব্বর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত