এমপি আমির হামজার স্বজনদের ওপর হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ির উদ্দেশে যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন।

সোমবার (১ জুন) বিকেলে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, হামলার ঘটনায় হাসাদাহ বাজার এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমনের নাম উল্লেখ করা হয়েছে।

আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে দুটি গাড়িতে করে তারা জীবননগরের উদ্দেশে রওনা দেন। পথে হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির সামনে চলে আসে। কয়েকবার হর্ন দেওয়ার পরও পথ না ছাড়ায় গাড়িচালক নেমে বিষয়টি নিয়ে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।

তার দাবি, কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি হঠাৎ এসে তার ওপর হামলা চালায়। তিনি নিজেকে সংসদ সদস্য আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তার বোন গাড়ি থেকে নামলে তাকেও এবং সংসদ সদস্য আমির হামজাকে উদ্দেশ করে অশালীন মন্তব্য করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে সংসদ সদস্য আমির হামজা ও তার পরিবারের সদস্যরা থানায় যান।

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সংসদ সদস্যসহ তার পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত