ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
হামলায় জড়িতদের শুক্রবার (২২ মে) রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনুষ্ঠানে এবং পরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন তিনি।
আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবিলায় সহিংসতার পথ বেছে নিচ্ছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক শক্তিগুলো সদিচ্ছা দেখালেও সরকার তা ইতিবাচকভাবে নিচ্ছে না।
তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকে দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তা সংকট বেড়েছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
এনসিপির এই নেতা অভিযোগ করেন, ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার সময় রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীরা জড়িত ছিলেন। ভিডিও ফুটেজের মাধ্যমে হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব বলেও দাবি করেন তিনি।
সংঘাতের বিষয়ে সতর্ক করে আসিফ মাহমুদ বলেন, রাজনৈতিক সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তিনি রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও হামলার ঘটনার সমালোচনা করেন। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও সহিংসতার সংস্কৃতি বন্ধ হওয়া প্রয়োজন।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলের নেতারা।
এদিকে, শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।