লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান অভিযোগ করেছেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার দেশ থেকে প্রায় দুইশ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। তিনি বলেন, এত বিপুল অর্থ পাচারের কারণে বড় বাজেট প্রণয়ন বর্তমান সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় খাল খনন পরিদর্শন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
হুইপ নিজান দাবি করেন,
বর্তমান সরকারকে শূন্য থেকে শুরু করতে হচ্ছে। তার মতে, অতীত সরকারের সময় ব্যাপক অনিয়ম ও অর্থ লুটপাট হয়েছে। তিনি আরও বলেন, তার নিজ দপ্তর থেকেও আগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির রেখে যাওয়া প্রায় এক কোটি আটষট্টি লাখ টাকা উদ্ধার হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক অস্থিরতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। হাওর অঞ্চলে পানিবৃদ্ধির বিষয়টিও তিনি প্রাকৃতিক কারণে হয়েছে বলে মন্তব্য করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রয়োজন হলে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সহায়তা করা হবে, তবে অনৈতিক কর্মকাণ্ডে যুক্তদের পাশে তিনি থাকবেন না।
প্রধানমন্ত্রীর জীবনযাপন প্রসঙ্গে তিনি বলেন, তিনি অত্যন্ত সাদাসিধা জীবনযাপন করেন এবং কোনো প্রটোকল ছাড়াই চলাফেরা করেন। তার জন্য দোয়া কামনা করে তিনি আল্লাহর কাছে দীর্ঘায়ু প্রার্থনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।