রামগঞ্জে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ প্রার্থী মাহবুব আলমের

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ১০ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। ছবি: দৈনিক নতুনচাঁদ
রামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ১০ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। ছবি: দৈনিক নতুনচাঁদ

নির্বাচনী প্রচারণা শুরু হলেও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে এখনো সমান প্রতিযোগিতার পরিবেশ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রামগঞ্জ পৌর শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোট নেতাদের মতবিনিময় সভায় এসব অভিযোগ তুলে ধরেন মাহবুব আলম।

তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ প্রশাসনের পক্ষ থেকে অন্যদের আচরণবিধি মেনে চলার বিষয়ে বারবার তাগিদ দেওয়া হচ্ছে, যা নির্বাচনী পরিবেশে বৈষম্য সৃষ্টি করছে।

মতবিনিময় সভায় রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠে বিরোধী পক্ষকে নানাভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। অনেক এলাকায় নারী কর্মীরা হেনস্থার শিকার হচ্ছেন, পাশাপাশি হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রামগঞ্জ অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মাহবুব আলম বলেন, এ অঞ্চল থেকে প্রবাসমুখী হওয়ার প্রবণতা কমাতে কারিগরি শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ জরুরি। ইতোমধ্যে কারিগরি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব হবে। পাশাপাশি শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূর করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভা শেষে জামায়াত নেতা নাজমুল হাসান পাটওয়ারীকে প্রধান করে ৩৩ সদস্যবিশিষ্ট ১০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করা হয়।

সম্পর্কিত