যমুনায় গোসলে নেমে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকার যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হলো পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান (৮)। তারা স্থানীয় পিংনা নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তিন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ইসমাইল ও ওসমান পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টার পর নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওসমানের বাবা শামীম মিয়া জানান, দুপুরে তার ছেলে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে যায়। কিছুক্ষণ পর তিনি জানতে পারেন, ওসমানসহ দুই শিশু নদীতে নিখোঁজ হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে তাদের মরদেহ উদ্ধার করেন।

জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার শহিদুল ইসলাম বলেন, যমুনা নদীতে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত