রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
শুক্রবার (১৪ আগস্ট) র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন মো. স্বপন (৩৭), মো. মনির (৩১), জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও মো. আরিফ হোসেন (২৯)।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর লালবাগ ক্যাম্পের একটি দল কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালায়।
অভিযানে পূর্ব জুরাইনের নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবন থেকে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা তপন সরকার জানান, গ্রেপ্তার মো. স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ চারটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রের উৎস এবং এর ব্যবহারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।