বর্জ্য ব্যবস্থাপনায় নির্ধারিত স্থানে রাখার আহ্বান: প্রবাসীকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রবাসীকল্যাণমন্ত্রী
ছবি: প্রবাসীকল্যাণমন্ত্রী

কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিলেটবাসীর প্রতি নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কর্মীরা দ্রুত সময়ের মধ্যে এসব বর্জ্য অপসারণ করবে।

মঙ্গলবার বিকেলে সিলেটের শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রতিবছরের মতো এবারও শাহী ঈদগাহ ময়দানে সিলেটের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বৃষ্টি না হলে এখানেই সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলেও মুসল্লিদের যেন কোনো অসুবিধা না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ঈদের দিন সকাল ৮টায় শাহী ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ঈদ উপলক্ষে নগরীর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পেশাল মোটরসাইকেল পেট্রোলসহ ৪০টি নিয়মিত মোবাইল টিম কাজ করছে, প্রয়োজনে আরও টিম বাড়ানো হবে।

তিনি জানান, ঈদের কেনাকাটা, পশুর হাট ও জামাতস্থলসহ সর্বত্র নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এছাড়া মহানগর এলাকায় মোট ৭৮টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে, যার মধ্যে শাহী ঈদগাহ ময়দান প্রধান জামাতের স্থান হিসেবে নির্ধারিত।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা এবং শাহী ঈদগাহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত