রাঙামাটি ছাত্রদল কমিটি ঘিরে সড়ক অবরোধ-বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
রাঙামাটিতে ছাত্রদল কমিটি ঘিরে সড়ক অবরোধ ও বিক্ষোভ। ছবি: সংগৃহীত
রাঙামাটিতে ছাত্রদল কমিটি ঘিরে সড়ক অবরোধ ও বিক্ষোভ। ছবি: সংগৃহীত

আট বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাঙামাটি–চট্টগ্রাম সড়ক অবরোধ করেন তারা। প্রায় দুই ঘণ্টা অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে যাত্রীদের চরম ভোগান্তি হয়। পরে দুপুর দেড়টার দিকে জেলা বিএনপির সিনিয়র নেতাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে পদবঞ্চিত নেতাকর্মীরা পৌরসভা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলী দলীয় কার্যালয়ের সামনে গিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভে ঘোষিত কমিটির সহ-সভাপতি নূর তালুকদার মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সম্পাদক মোখতার আহমেদ, পারভেজ হোসেন সুমন এবং প্রচার সম্পাদক আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, বিবাহিত, চাঁদাবাজ ও অপহরণে জড়িত ব্যক্তিদের অর্থ ও উপহারের বিনিময়ে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তারা কমিটি বাতিল করে নতুন করে কমিটি ঘোষণার দাবি জানান এবং দাবি মানা না হলে হরতালের হুমকিও দেন।

সহ-সভাপতি নূর তালুকদার মুন্না বলেন, রাজস্থলী থেকে এনে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে তিনি স্থানীয় নেতাকর্মীদের চেনেন না, তাই তাকে মেনে নেওয়া হবে না।

যুগ্ম সম্পাদক পারভেজ হোসেন সুমন অভিযোগ করে বলেন, টাকা ও আইফোনের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন।

অন্যদিকে নবঘোষিত কমিটির সভাপতি মো. অলি আহাদ বলেন, ছাত্রদল একটি বড় সংগঠন, সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা সম্ভব নয়। যারা পদ পাননি তারা ক্ষোভ প্রকাশ করছেন। তিনি সবাইকে সংগঠনের শৃঙ্খলা মেনে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনি সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। পাশাপাশি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত