রামপুরার মাদরাসায় ১০ বছরের শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
 ছবি: হাতিরঝিল থানা
ছবি: হাতিরঝিল থানা

রাজধানীর রামপুরার একটি মাদরাসা থেকে তাহমিদুল ইসলাম (১০) নামের এক হিফজ বিভাগের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাদরাসা সংশ্লিষ্টরা দাবি করেছেন, শিশুটি গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

রোববার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শনিবার দিনগত রাত পৌনে ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, খবর পেয়ে পূর্ব রামপুরার বেটার লাইফ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, মাদরাসার বাবুর্চি দাবি করেছেন, রাত ১২টার দিকে শিশুটির বাবা, শিক্ষক ও বাবুর্চি বাজারে গেলে ফিরে এসে তারা শিশুটিকে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তাহমিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার কাজীপুর এলাকার মোহাম্মদ শাহিন রেজার ছেলে। সে রামপুরার মহানগর প্রজেক্ট এলাকার আল ফুরকান মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত