বন্যা রোধে এমপিকে ‘রাহবার’-এর খোলা চিঠি

স্টাফ রিপোর্টার
পরশুরামে এমপি মজনুর হাতে খোলা চিঠি তুলে দেন ‘রাহবার’ নেতারা ছবি: সংগৃহীত
পরশুরামে এমপি মজনুর হাতে খোলা চিঠি তুলে দেন ‘রাহবার’ নেতারা ছবি: সংগৃহীত

ফেনী-১ আসনের জনগণের পক্ষ থেকে বন্যা ও নদী ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনুর কাছে খোলা চিঠি দিয়েছে শিক্ষামূলক সামাজিক সংগঠন রাহবার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে পরশুরাম উপজেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এমপির হাতে এ চিঠি তুলে দেওয়া হয়।

এ সময় সংগঠনটির সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক এনামুল করিম আজাদসহ কার্যকরী পর্ষদের একাধিক সদস্য উপস্থিত ছিলেন।

খোলা চিঠিতে বলা হয়, ২০২৪ সালের ভয়াবহ বন্যার পরও এখন পর্যন্ত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিশেষ করে বাঁধ নির্মাণ কার্যকরভাবে বাস্তবায়ন না হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বন্যার মূল উৎসস্থল বল্লামুখা এলাকায় বাঁধ নির্মাণ কাজ শুরু হলেও তা যথাযথভাবে সংস্কার করা হয়নি। ফলে পানি প্রবাহ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

এছাড়া নদী ও খালগুলোতে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, যা ভবিষ্যতে বন্যা ও নদী ভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

এই প্রেক্ষাপটে দ্রুত নদী ও খাল খনন এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানানো হয়েছে।

সংগঠনটির নেতারা বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে পুরো অঞ্চল আবারও পানির নিচে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।

সম্পর্কিত