নোয়াখালী কবিরহাটে ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুই দিন নিখোঁজ থাকার পর মো. সোহেল রানা (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের রাজী সাহেব ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের অফিস সংলগ্ন ডোবা থেকে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

নিহত সোহেল রানা জেলার হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের বাসিন্দা অলি উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেন, গত শুক্রবার সকালে তার ছেলে কাজে যাননি। বিকেলে তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর সন্ধ্যা থেকে সোহেল রানা নিখোঁজ ছিলেন।

পরিবারের খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পাওয়ায় স্থানীয়রা রোববার সকালে ইটভাটার অফিস সংলগ্ন ডোবায় ভাসতে থাকা লাশটি দেখতে পান এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি সোহেল রানার বলে শনাক্ত করেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগে আক্রান্ত হওয়ার কারণে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সম্পর্কিত