পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি বাসস্ট্যান্ডে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন কোম্পানিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
অভিযান চলাকালে বিভিন্ন পরিবহনের ভাড়ার তালিকা, যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়া এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই পরিবহনকে জরিমানা করা হয়।
এ সময় গোল্ডেন লাইন পরিবহনকে ১৫ হাজার টাকা এবং রয়েল পরিবহনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় আইনত দণ্ডনীয় অপরাধ। যাত্রীদের সঙ্গে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।